হাওজা নিউজ এজেন্স: সম্প্রতি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ি এবং সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যকার বৈঠক সম্পর্কে কথা বলতে গিয়ে আকরামিনিয়া বলেন, আঞ্চলিক পরিস্থিতি ও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে নেতা বেশ কয়েকটি কৌশলগত নির্দেশনা দিয়েছেন।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অর্জন তুলে ধরে তিনি বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতি আরও জোরদার হয়েছে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতিও বেড়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র জানান, নেতার নির্দেশনার মধ্যে রয়েছে সামরিক ও অসামরিক সব ধরনের সক্ষমতার সমন্বিত ব্যবহারের মাধ্যমে বিচক্ষণতার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি বজায় রাখা, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের দ্রুত জবাব দেওয়া এবং এমন কার্যকর পাল্টা জবাব নিশ্চিত করা, যাতে প্রতিপক্ষ ভবিষ্যতে নতুন কোনো দুঃসাহসিক পদক্ষেপ বা হামলা চালানোর সাহস না পায়।
আকরামিনিয়া বলেন, কার্যকর জবাব দেওয়ার বিষয়ে নেতার নির্দেশনা একটি আদেশ হিসেবে জারি করা হয়েছে। সশস্ত্র বাহিনী তাদের সামরিক তৎপরতা সুনির্দিষ্ট ও বাস্তব ফলাফল অর্জনের দিকে পরিচালিত করবে, যাতে যেকোনো আগ্রাসী পক্ষকে তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হয়।
ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার নির্দেশনার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, পশ্চিম এশিয়ার বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে দেশটি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রেখেছে। তাই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সব দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ঘোষিত সাতটি শর্তের প্রসঙ্গে আকরামিনিয়া জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একমাত্র পথ হলো এসব শর্ত পূরণ করা।
তিনি পুনর্ব্যক্ত করেন, এই অঞ্চলে নতুন করে আগ্রাসন কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথ তৈরি করবে না। ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে যেসব শর্ত জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে সেগুলো মেনে নিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ি সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে বিচক্ষণতার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক, কার্যকর ও ভৌগোলিক সীমাবদ্ধতামুক্ত জবাব দেওয়ার নির্দেশ দেন।
আপনার কমেন্ট